মেধাবী পড়ুয়াদের জন্য রিলায়েন্স ফাউন্ডেশনের ২ লক্ষ টাকা বৃত্তি!
বার্তা ডেস্কঃ
মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে বড় পদক্ষেপ নিল রিলায়েন্স ফাউন্ডেশন। সংস্থাটির পক্ষ থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের কথা ঘোষণা করা হয়েছে। দেশের যেকোনো প্রান্তের ভারতীয় নাগরিক, যারা দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে ২০২৬ সালে যেকোনো স্ট্রিমে স্নাতক কোর্সের প্রথম বর্ষে ভর্তি হয়েছেন, তারা এই সুযোগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার কম হতে হবে, তবে আড়াই লক্ষ টাকার নিচে আয় হলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। সম্পূর্ণ কোর্স চলাকালীন নির্বাচিত ৫,০০০ জন শিক্ষার্থীকে ‘মেরিট-কাম-মিন্স’-এর ভিত্তিতে মোট ২ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হবে।
অনলাইনের মাধ্যমে আগ্রহীরা কোনো আবেদন মূল্য ছাড়াই এই স্কলারশিপের জন্য ফরম পূরণ করতে পারবেন। আবেদনের প্রথম ধাপে প্রার্থীদের তাদের ব্যক্তিগত, শিক্ষাগত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র নির্দিষ্ট পোর্টালে জমা দিতে হবে। এরপর বাধ্যতামূলকভাবে একটি অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে, যা ১ ঘণ্টার একটি এমসিকিউ নির্ভর ৬০ নম্বরের পরীক্ষা। এতে শিক্ষার্থীর মৌখিক, বিশ্লেষণাত্মক, যৌক্তিক ও সংখ্যাগত দক্ষতা মূল্যায়ন করা হবে। পরীক্ষার ফলাফল এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সার্বিক বিচার করে চূড়ান্ত ৫,০০০ জনকে বেছে নেওয়া হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।