মেয়েবেলার পর ফের বড় চমক, কোন বিখ্যাত চরিত্রে ফিরছেন অর্পণ?
বার্তা ডেস্কঃ
‘মেয়েবেলা’ ধারাবাহিকে দারুণ অভিনয়ের পর অবশেষে আবারও ছোটপর্দায় ফিরে আসছেন জনপ্রিয় অভিনেতা অর্পণ ঘোষাল। আগামী ২৪ আগস্ট থেকে শুরু হতে চলা ‘সতীপীঠ কালীঘাট’ মেগা ধারাবাহিকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ধারাবাহিকে তিনি রূপদান করবেন লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর ভূমিকায়, যাঁর হাত ধরে সাবর্ণ রায়চৌধুরী পরিবার প্রতিষ্ঠা পায় এবং যিনি বেহালা অঞ্চল গড়ে তোলেন। রাজা বসন্ত রায়ের কাছে অস্ত্রশিক্ষা এবং আত্মারামের কাছে শাস্ত্রজ্ঞান পেয়ে বড় হয়ে ওঠা এই যুক্তিবাদী চরিত্রের উদ্যোগেই কালীঘাট মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। ধারাবাহিকে দেবী কালীর মহিমার পাশাপাশি ইতিহাসপ্রসিদ্ধ এই মন্দিরের নির্মাণের গল্প ফুটিয়ে তোলা হবে।
অর্পণ ঘোষালের এই প্রত্যাবর্তনের খবরে সোশ্যাল মিডিয়ায় দারুণ উচ্ছ্বাস দেখা গিয়েছে তাঁর অনুরাগী ও দর্শকদের মধ্যে। আগামী সোমবার থেকে প্রতি সোম থেকে শুক্রবার, রাত সাড়ে ৯টায় দেখা যাবে এই মেগা ধারাবাহিকটি। এই প্রজেক্টে অরিন্দম গাঙ্গুলি ও দেবাশিস মণ্ডলের মতো প্রবীণ অভিনেতাদের পাশাপাশি কাস্টিংয়ে আনা হয়েছে বড়সড় পরিবর্তন। পূর্বে রাজা বসন্ত রায়ের চরিত্রে বিশ্বনাথ বসুর অভিনয় করার জল্পনা থাকলেও, শেষ মুহূর্তে সেই ঐতিহাসিক ভূমিকায় যুক্ত হয়েছেন অভিনেতা কৌশিক চক্রবর্তী।