কেমোথেরাপির দিন কি শেষ? ভারতীয় গবেষকদের নতুন আবিষ্কারে তোলপাড় বিশ্ব!

বার্তা ডেস্কঃ

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন ভারতের গবেষকরা। ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আইআইটি গুয়াহাটির বিজ্ঞানীরা যৌথভাবে ‘আরকে-২৫১’ নামের একটি পরীক্ষামূলক ‘স্মার্ট’ ক্যানসার ওষুধ তৈরি করেছেন। প্রচলিত কেমোথেরাপিতে ক্যানসার কোষের পাশাপাশি সুস্থ কোষও ধ্বংস হয়, যার ফলে চুল পড়া, দুর্বলতা ও বমি বমি ভাবের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। তবে এই নতুন ওষুধটি শরীরের স্বাভাবিক কোষকে সুরক্ষিত রেখে শুধুমাত্র ক্যানসার আক্রান্ত কোষকে লক্ষ্য করে কাজ করতে সক্ষম। ক্যানসার কোষে থাকা অতিরিক্ত রিঅ্যাকটিভ অক্সিজেন স্পাইসেসের সংস্পর্শে এলে এই ওষুধটি সক্রিয় হয় এবং ক্ষতিকর প্রোটিনকে ধ্বংস করে।

প্রাথমিক পরীক্ষায় বিশেষ করে আক্রমণাত্মক ট্রিপল-নেগেটিভ ব্রেস্ট ক্যানসার কোষের বিরুদ্ধে এই ওষুধটি অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। গবেষণাগারে জেব্রাফিশ ভ্রূণের ওপর পরীক্ষায় কোনো ক্ষতিকর বিষক্রিয়া দেখা যায়নি, যা চিকিৎসাবিজ্ঞানে নতুন আশার আলো দেখাচ্ছে। তবে বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়েছেন, এখনই কেমোথেরাপি বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কারণ ওষুধটি বর্তমানে প্রিক্লিনিক্যাল গবেষণার ধাপে রয়েছে এবং মানুষের শরীরে প্রয়োগের জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের দীর্ঘ প্রক্রিয়া বাকি। তবুও চিকিৎসকদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে কম পার্শ্বপ্রতিক্রিয়ার নিখুঁত ক্যানসার চিকিৎসার পথ প্রশস্ত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *