ডিভোর্স ও দ্বিতীয় বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন গোবিন্দার ম্যানেজার!
বার্তা ডেস্কঃ
বলিউড তারকা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে মায়ানগরীতে গুঞ্জন থামছেই না। সম্প্রতি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে অভিনেতার পরকীয়া এবং গোপনে দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়ে বলিপাড়ায়। খোদ সুনীতা দাবি করেন, হোটেলে তাঁদের সময় কাটানোর খবর পেয়েই তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে পরবর্তীতে বান্দ্রা পারিবারিক আদালতে দায়ের করা ডিভোর্স মামলাটি প্রত্যাহারও করে নেন তিনি। স্ত্রী সুনীতার এই ধারাবাহিক বিস্ফোরক মন্তব্যের পর গোবিন্দার অনুরাগীদের মনে নানা প্রশ্নের জন্ম হয়েছে।
এই পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুলেছেন গোবিন্দার আপ্তসহায়ক শশী সিনহা। দ্বিতীয় বিয়ের যাবতীয় জল্পনা এক বাক্যে উড়িয়ে দিয়ে তিনি জানান, এমন কোনো ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতে ঘটার সম্ভাবনাও নেই। সুনীতার প্রকাশ্যে অভিযোগ তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ম্যানেজার বলেন, পারিবারিক বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে ফেলা যেত। ডিভোর্স মামলা যদি প্রত্যাহারই করতে হতো, তবে তা নিয়ে অযথা জনসমক্ষে এত চর্চা বা আলোড়ন সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না।