মা-বাবার চোখের সামনেই খুন ইঞ্জিনিয়ার ছেলে, শ্বশুরবাড়ির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!
বার্তা ডেস্কঃ
নয়ডায় পারিবারিক বিবাদের জেরে এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ৩১ বছর বয়সী মৃত যুবকের নাম বিনয় গুপ্ত। তিন বছর আগে রেখা নামের এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তাঁদের দুটি জমজ সন্তান রয়েছে। সন্তানকে ওষুধ দেওয়া নিয়ে বচসার জেরে রেখা নিজের পরিবারের সাতজন সদস্যকে ডেকে এনে স্বামী বিনয়ের ওপর চড়াও হন। মা-বাবার সামনেই বিনয়কে এলোপাথাড়ি লাথি ও ঘুষি মারা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং আক্রমণের আগেই রেখা ঘরের সিসিটিভি ক্যামেরাটি বন্ধ করে দিয়েছিলেন। নিহতের বাবার বক্তব্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই ছোটখাটো বিষয়ে তাঁদের ঝামেলা চলছিল, যা তারা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে চেয়েছিলেন। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানোর পর তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত স্ত্রী, তাঁর দুই ভাইসহ চারজনকে পুলিশ আটক করেছে এবং ঘটনাস্থলে ফরেনসিক দল পৌঁছায়। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।