তিস্তা থেকে সিন্ধু, ভারতকে ঘিরে অভিন্ন ছক কি বাংলাদেশ ও পাকিস্তানের?
বার্তা ডেস্কঃ
গঙ্গা ও তিস্তা নদীর জলবণ্টন নিয়ে কূটনৈতিক চাপ বাড়াতে পাকিস্তানের পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী শহিদুদ্দিন চৌধুরী আনি দাবি করেছেন, ২০২৬ সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে চলা গঙ্গা জল চুক্তির নবায়নে ‘গ্যারান্টি’ ধারা যুক্ত করতে হবে, যা ১৯৭৭ সালের চুক্তিতে থাকলেও ১৯৯৬ সালে বাদ পড়েছিল। ভারতের কাছে ন্যূনতম জলের নিশ্চয়তা চেয়ে ঢাকা স্পষ্ট জানিয়েছে, এই দাবি না মানা হলে বিষয়টি রাষ্ট্রসংঘের (UN) মতো আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করা হবে। তিস্তা চুক্তি ও জলবণ্টন ইস্যুকে কেন্দ্র করে ভারতের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধি করাই এই কৌশলের মূল লক্ষ্য।
ইতিপূর্বে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে একইরকম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহারের পদক্ষেপ করেছিল পাকিস্তান। এবার বাংলাদেশও একই সুরে আন্তর্জাতিক ফোরামে যাওয়ার হুমকি দেওয়ায় দুই প্রতিবেশী দেশের নদী বিষয়ক কূটনৈতিক ধরনে স্পষ্ট মিল খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী আরও জানান, তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইল পর্যালোচনা করছেন এবং প্রয়োজনে আগামী মাসে জাতিসংঘের অধিবেশনে তিনি এই বিষয়টি জোরালোভাবে তুলে ধরবেন। দুই প্রতিবেশীর এই কৌশলগত পদক্ষেপ ভারতের জল কূটনীতির ক্ষেত্রে একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।