ওড়িশা উপকূলে ভয়াবহ বিপর্যয়, ২৪ কর্মীসহ তলিয়ে গেল বিশাল মালবাহী জাহাজ!
বার্তা ডেস্কঃ
ওড়িশার পারাদীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ডুবে গেছে পানামার পতাকাবাহী মালবাহী জাহাজ ‘এমভি ওশেন উইনার’। শুক্রবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া এই জাহাজটিতে লৌহ আকরিক বোঝাই করা ছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে মোট ২৪ জন কর্মী ছিলেন। যার মধ্যে ২০ জন চিনের, ৩ জন মায়ানমারের এবং ১ জন বাংলাদেশের নাগরিক। শনিবার জাহাজটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই চাঞ্চল্য ছড়ায়।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌসেনার যৌথ উদ্যোগে বিশাল এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত মাত্র দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২২ জনের সন্ধানে জোরদার উদ্ধারকাজ চলছে। সমুদ্রের প্রতিকূল পরিস্থিতিতে নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে আশেপাশের বাণিজ্যিক জাহাজগুলোকেও সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয় এবং আবহাওয়া কিংবা যান্ত্রিক ত্রুটির মতো সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।