পরকীয়া ও পারিবারিক বিবাদের বলি নয়ডার সফটওয়্যার ইঞ্জিনিয়ার!

বার্তা ডেস্কঃ

দিল্লি: পারিবারিক বিবাদের জেরে শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্মমভাবে খুন হলেন নয়ডার এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দিল্লির নিহাল বিহার এলাকায় ঘটা এই মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিনয় গুপ্তা (সাড়ে তিন বছর আগে বিয়ে হয়, রয়েছে দুটি সন্তান)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই স্ত্রীর সঙ্গে বিনয়ের চরম অশান্তি চলছিল। শুক্রবার বিবাদ চরমে উঠলে স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে ভোরবেলাই নিজের দুই ভাইকে ডেকে পাঠান। অভিযোগ, দুই ভাই ঘরে ঢুকেই বিনয়কে জাপটে ধরে বেধড়ক মারধর করে, চুলের মুঠি ধরে গলার টুঁটি চেপে মেঝেতে আছড়ে ফেলে। বিনয়ের বাবা-মা হাতজোড় করে কাকুতি-মিনতি করলেও মন গলনি অভিযুক্তদের। আশঙ্কাজনক অবস্থায় বিনয়কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের মা রেনু গুপ্তার অভিযোগ, হামলার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলি আগে থেকেই বন্ধ রাখা হয়েছিল, যা থেকে স্পষ্ট যে এটি একটি পূর্বপরিকল্পিত হামলা।

আউটার ডিস্ট্রিক্টের ডিসিপি বিক্রম মিনা জানান, ঘটনার পর নিহাল বিহার থানায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। সাধারণত গার্হস্থ্য হিংসার শিকার নারীরা হলেও, দিল্লির এই মর্মান্তিক ঘটনা প্রমাণ করল পারিবারিক হিংসার সম্মুখীন পুরুষরাও হতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *