মহাকাশে ভারতের জয়যাত্রা, স্পেস স্টার্টআপ সিইও-দের সাথে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বৈঠক!
বার্তা ডেস্কঃ
জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে দেশের মহাকাশ অর্থনীতি ও প্রযুক্তি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এক বিশেষ পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দেশের প্রথম সারির স্পেস স্টার্টআপ সিইও (CEO)-দের সাথে একটি উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন তিনি।
বৈঠকে ভারতীয় স্টার্টআপগুলোর উদ্ভাবনী শক্তি ও উদ্যমের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, মহাকাশ প্রযুক্তির ব্যবহার কেবল গবেষণাতেই সীমাবদ্ধ রাখা যাবে না; বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নানা জটিল সমস্যা সমাধানে এর প্রয়োগ ঘটাতে হবে। সরকার যে নীতি গ্রহণ করেছে, তার ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দিয়ে তিনি স্টার্টআপগুলোর আস্থার প্রশংসা করেন।
বিশ্বমঞ্চে ভারতের অবস্থান মজবুত করার আহ্বান জানিয়ে মোদী বলেন, “এমন এক সময় আসবে যখন মহাকাশ ক্ষেত্রে যে কোনো বড় সাফল্যের জন্য বিশ্ব ভারতের দিকে তাকিয়ে থাকবে।” আগামী দিনে বিশ্বজুড়ে দক্ষ পেশাদারদের কাজের সেরা গন্তব্য হবে ভারত—এমন আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি, স্পেস স্টার্টআপ ও মূলধারার প্রযুক্তি খাতের যৌথ সহযোগিতা ভারতের সামগ্রিক অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।