১ বোতল জলের দামে ১ ক্যান বিয়ার! ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া!
বার্তা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ার বদলান্তে ইউরোপের জীবনের নানান চিত্র আজকাল সহজেই চোখের সামনে ভেসে ওঠে। সম্প্রতি গোপিকা পাদীয়া নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের একটি ভিডিও ঘিরে হইচই পড়ে গিয়েছে। ভিডিওতে তিনি দাবি করেছেন, ইউরোপের একটি সুপারমার্কেটে যেখানে এক বোতল জলের দাম প্রায় ২৫০ টাকা, সেখানে এক ক্যান বিয়ার পাওয়া যাচ্ছে মাত্র ১৫০ টাকায়!
ভারতের মতো দেশে, যেখানে পানীয় জল মাত্র ১০-২০ টাকায় মেলে এবং মদের ওপর চড়া ট্যাক্স থাকে, সেখানে এমন চিত্র দেখে চমকে গেছেন সুরাপ্রেমীরা। তবে এই দাবির পেছনে লুকিয়ে রয়েছে ভিন্ন এক বাস্তবতা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইউরোপের সর্বত্র বিয়ার জলের চেয়ে সস্তা—এমনটা ভাবা ভুল। মূলত পর্যটন কেন্দ্র, রেস্তোরাঁ ও বারগুলোতে পানীয় জলের দাম বেশ চড়া রাখা হয়। অন্যদিকে চেক প্রজাতন্ত্র, জার্মানি, পোল্যান্ড কিংবা স্লোভাকিয়ার মতো দেশগুলোতে বিপুল পরিমাণে বিয়ার তৈরি হয়। স্থানীয় উৎপাদন বেশি হওয়ায় এসব দেশে স্থানীয় বিয়ারের দাম বেশ কম। ক্রোয়েশিয়ার জনপ্রিয় পর্যটন শহর ডুব্রোভনিকেও জলের বোতলের দামের তুলনায় স্থানীয় বিয়ার সস্তা হওয়ায় পর্যটকদের মধ্যে এমন ধারণা তৈরি হয়।
তবে নরওয়ে, সুইৎজারল্যান্ড কিংবা আইসল্যান্ডের মতো দেশে বিয়ারের দাম যথেষ্ট বেশি। অর্থাৎ, দেশ ও শহরের ওপর ভিত্তি করেই ঠিক হয় জলের চেয়ে বিয়ার সস্তা হবে কিনা।