২৫ কোটিতে বদলে যাচ্ছে মান্নত, শাহরুখের ঠিকানায় আসছে বড় চমক!

বার্তা ডেস্কঃ

বলিউডের বাদশা শাহরুখ খানের সম্পত্তি নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এবার মুম্বইয়ের ঐতিহাসিক ও প্রাসাদোপম বাড়ি ‘মান্নত’-এর পিছনের অংশে আরও দুটি তলা যুক্ত করতে প্রায় ২৫ কোটি টাকা খরচ হচ্ছে। এই সম্প্রসারণের জন্য মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির অনুমোদন চাওয়া হয়েছে। সংস্কার চলাকালীন অভিনেতা সপরিবারে বান্দ্রার পালি হিলের একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে সাময়িকভাবে অবস্থান করছেন। মান্নতের এই গুরুত্বপূর্ণ সংস্কার কাজের দায়িত্ব রয়েছে প্রখ্যাত প্রযোজক তথা রিয়েল এস্টেট ব্যবসায়ী আনন্দ পণ্ডিতের সংস্থা শ্রী লোটাস ডেভেলপার্স অ্যান্ড রিয়েলটির ওপর।

শুধু মান্নতই নয়, ১৯৯১ সালে মুম্বইয়ে আসার পর কেনা শাহরুখের প্রথম ঠিকানাও এখন পুনর্নির্মাণের পথে। কার্টার রোডের শ্রী অমৃত সোসাইটির সমুদ্রের ধারের ওই ফ্ল্যাটটির পুনর্নির্মাণের দায়িত্বও আনন্দ পণ্ডিতের সংস্থার হাতেই সঁপে দেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে নতুন রূপ পেতে চলা এই সম্পত্তির আয়তন প্রায় ১৫৫ শতাংশ বৃদ্ধি পাবে, যার আনুমানিক বাজারমূল্য হতে পারে প্রায় ৪২ কোটি টাকা। বাদশার এই দুই ঠিকানার বড়সড় পরিবর্তন এবং আধুনিকীকরণ নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্র মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *