দিনের আলোয় শিক্ষক, রাতের অন্ধকারে মাদক কারবারি! অবশেষে গ্রেফতার।

বার্তা ডেস্কঃ

এ যেন কোনো সিনেমার চিত্রনাট্য! দিনে স্কুলে নিয়ম করে ছাত্র পড়ানো আর রাতে মাদক পাচারের চাঞ্চল্যকর অভিযোগে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা থেকে গ্রেফতার হয়েছেন এক নামী স্কুলের শিক্ষক। পুলিশ ও এসএসবির যৌথ অভিযানে নন্দু মোড় এলাকার একটি বাড়ি থেকে ধৃত শিক্ষক রঞ্জিতকুমার শিকদার এবং তাঁর সহযোগী বিরাজ মাহাতোকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার এম শ্রীনিবাসনের নেতৃত্বে চলা এই অভিযানে ওই শিক্ষকের বাড়ি থেকে ৬৭ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ আট লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। লোকচক্ষুর আড়ালে চলা এই কারবার জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও গুঞ্জন শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শিক্ষক রঞ্জিতকুমার শিকদার নাগরাকাটার একটি স্কুলের পরিচিত মুখ হলেও এর আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সহযোগী বিরাজ মাহাতোর বাড়ি কোচবিহার জেলার পুণ্ডিবাড়ি এলাকায়। যৌথ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতে ওই বাড়িতে হানা দেয় এবং দীর্ঘ তল্লাশির পর মাদক ও টাকা উদ্ধার করে। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *