নন্দনে কি তবে নতুন ইতিহাস লিখছে তরুণ প্রজন্ম!
বার্তা ডেস্কঃ
কলকাতার নন্দনে শুরু হতে চলেছে ‘বেঙ্গলি ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল’ নামের বিশেষ জেন জি চলচ্চিত্র উৎসব। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ৩০ আগস্ট পর্যন্ত। নতুন প্রজন্মের সৃষ্টিশীলতাকে উৎসাহ দিতে এবং চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দিতেই এই অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনে প্রধানত ৪০ বছরের কম বয়সী তরুণ ও প্রতিভাবান পরিচালকদের চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবটিকে ঘিরে ইতিমধ্যেই চলচ্চিত্র মহলে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।
এই বিশেষ চলচ্চিত্র উৎসবের কমিটির পেট্রন হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক ভিডিও বার্তায় তিনি নতুন প্রজন্মের তরুণ পরিচালকদের এই উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, অভিনেত্রা ঋতপর্ণা সেনগুপ্ত ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উৎসবের মাধ্যমে স্মরণ করা হবে প্রয়াত কিংবদন্তি পরিচালক দেবকীকুমার বসুকে। নতুন প্রজন্মের মেধাবী অথচ সুযোগবঞ্চিত নির্মাতাদের সঠিক প্ল্যাটফর্ম দিতে এবং বাংলা সিনেমার পরিধি আরও প্রসারিত করতেই এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।