বন্দে মাতরম কি দেবদেবীর পুজো? রামদেবের মন্তব্যে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গানটির মাত্র দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন যোগগুরু রামদেব। তিনি দাবি করেছেন, যাঁরা এই জাতীয় স্তোত্র নিয়ে প্রশ্ন তোলেন, তাঁরা যেমন ভারতীয় সংস্কৃতি বোঝেন না, তেমনই সংস্কৃত ভাষার জ্ঞানও রাখেন না। হরিয়ানার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রামদেব স্পষ্ট জানান, বন্দে মাতরম-এ মূলত মাতৃভূমির বন্দনা করা হয়েছে এবং এটিকে কোনও নির্দিষ্ট হিন্দু দেব-দেবীর উপাসনা হিসেবে দেখা সম্পূর্ণ ভুল। তাঁর মতে, ভারতীয়দের কাছে ভারতমাতা একটি ঐশ্বরিক সত্তা, যাকে মন্দির বা উপাসনার মতো পবিত্র ধারণা হিসেবে গণ্য করা হয়।

অন্যদিকে, সদ্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ১৯৩৭ সালের ঐতিহাসিক সিদ্ধান্ত অনুযায়ী বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক গাওয়ার প্রস্তাব পাশ করা হয়েছে। কংগ্রেসের যুক্তি, ঐতিহ্য মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে বিজেপির পালটা অভিযোগ, ঐতিহ্যের আড়ালে নিজেদের সাম্প্রদায়িক এজেন্ডা চরিতার্থ করতেই এই অবস্থান নিয়েছে হাত শিবির। এই রাজনৈতিক তরজার মধ্যেই রামদেবের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *