পুজোর আগেই বদলে যাচ্ছে গ্রাম, নবান্নের ঐতিহাসিক সিদ্ধান্ত!

বার্তা ডেস্কঃ

শারদোৎসবের আগে রাজ্যের গ্রামীণ এলাকার বেহাল রাস্তার ছবি বদলাতে বড়সড় পদক্ষেপ করল নবান্ন। রাস্তাঘাট মেরামতি, সংস্কার এবং সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করতে প্রায় ২,০৫০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ তিনটি আলাদা খাত থেকে সংগ্রহ করা হচ্ছে। যার মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে ৮০০ কোটি, অতিরিক্ত রাজ্য তহবিল থেকে ৫০০ কোটি এবং পূর্বতন সরকারের পথশ্রী প্রকল্পের আসামাপ্ত কাজ শেষ করতে ৭৫০ কোটি টাকা খরচ করা হবে।

সম্প্রতি নবান্নে গ্রামীণ সড়ক উন্নয়ন নিয়ে একটি বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উৎসবের মরসুম শুরু হওয়ার আগে সাধারণ মানুষের যাতায়াতের কষ্ট লাঘব করতে দ্রুত রাস্তা সংস্কারের নির্দেশ দিয়েছেন তিনি। প্রশাসনের মতে, উৎসবের দিনগুলিতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন এবং স্থানীয় অর্থনীতিও ধাক্কা খায়। পুরনো বকেয়া মিটিয়ে এই জরুরি অর্থ বরাদ্দের ফলে আটকে থাকা একাধিক রাস্তার কাজ ফের গতি পাবে এবং পুজোর আগেই গ্রামীণ সড়কগুলির হাল অনেকটাই ফিরবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *