অভাবকে জয় করে ডাক্তার হওয়ার স্বপ্ন, পরিযায়ী শ্রমিকের ছেলের অসাধ্য সাধন!
বার্তা ডেস্কঃ
পরিযায়ী শ্রমিকের ছেঁড়া প্যান্ট-গেঞ্জির আড়ালে লুকিয়ে থাকা কঠোর পরিশ্রম অবশেষে সার্থক হলো। বাবার ঘাম ও ত্যাগের মর্যাদা দিয়ে নিট (NEET) পরীক্ষায় দারুণ সাফল্য অর্জন করেছেন বীরভূমের নানুরের গোপডিহি গ্রামের তরুণ আতাউল রহমান। সর্বভারতীয় মেধাতালিকায় ৭৯৫৫ এবং রাজ্যের মেধাতালিকায় ১৭৯ স্থান দখল করে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে অভাব কখনোই বড় বাধা হতে পারে না। চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করা বাবা কামরুল হাসান শেখের পাঠানো সামান্য আয়েই এতদূর পথ পাড়ি দিয়েছেন তিনি।
অভাবের সংসারে মাত্র তিন বিঘা জমি থাকলেও দুই ভাইয়ের পড়াশোনা চালাতে দিনরাত এক করেছিলেন বাবা। গ্রামের প্রাথমিক স্কুল থেকে শুরু করে হাওড়ার গণ্ডি পেরিয়ে আতাউলের এই লড়াই ছিল সত্যিই কঠিন। তবে অর্থাভাব বা প্রতিকূলতা কখনোই তার লক্ষ্য থেকে তাঁকে সরাতে পারেনি। ছোটবেলা থেকেই হৃদরোগ বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন দেখা আতাউল উচ্চ মাধ্যমিকের পর থেকেই পুরোদমে এই পরীক্ষার প্রস্তুতি শুরু করেছিলেন। এখন তার মূল লক্ষ্য পড়াশোনা শেষ করে বাবাকে চিরকালের মতো ভিন রাজ্যের কাজ থেকে পাকাপাকিভাবে ঘরে ফিরিয়ে আনা। ছেলের এমন অভাবনীয় সাফল্যে আবেগপ্রবণ পুরো পরিবার ও স্থানীয় বাসিন্দারা।