গ্রুপ সি ও ডি নিয়োগে কত লক্ষ টাকার দুর্নীতি? পার্থ ও অর্পিতার বিরুদ্ধে বিস্ফোরক ইডি!
বার্তা ডেস্কঃ
রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য সামনে এনে নতুন চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জমা দেওয়া এই চার্জশিটে শিক্ষক নিয়োগে বড়সড় আর্থিক লেনদেন ও দুর্নীতির একাধিক গুরুতর দিক তুলে ধরা হয়েছে। অতীতে নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ দিন জেলবন্দি থাকার পর দুজনেই বর্তমানে জামিনে মুক্ত থাকলেও, ইডির এই নতুন চার্জশিট তাঁদের আইনি অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।
ইডির চার্জশিটে স্পষ্টভাবে দাবি করা হয়েছে, এসএসসি-র গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি বিক্রির একটি সুনির্দিষ্ট ‘রেট চার্ট’ সক্রিয় ছিল। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, গ্রুপ সি পদে চাকরির জন্য ১৫ থেকে ১৬ লক্ষ টাকা এবং গ্রুপ ডি পদে ১০ থেকে ১২ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। এছাড়া টাকার বিনিময়ে ওএমআর শিট জালিয়াতি ও র্যাঙ্ক বদলের মতো অপরাধ করা হতো। এই চক্রে মধ্যস্থতাকারী হিসেবে কুন্তল ঘোষ ও প্রসন্ন রায়ের নামও উল্লেখ করা হয়েছে।