অন্নপূর্ণা যোজনায় মমতার পাল্টা জবাব! CAA সার্টিফিকেটে মুখ্যমন্ত্রীর বড় বার্তা কি?
বার্তা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনার অর্থ প্রদান নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, কোনো রাজনৈতিক বা ধর্মীয় ভেদাভেদ ছাড়াই ইতিমধ্যে রাজ্যের ১ কোটি ৪৬ লক্ষেরও বেশি যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে অভিযোগ করেছিলেন যে, নানা শর্ত ও জটিলতা চাপিয়ে সাধারণ মানুষকে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এর পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই প্রকল্পের আওতায় প্রায় ১৯ লক্ষ সংখ্যালঘু পরিবারও সরাসরি উপকৃত হয়েছে।
অন্যদিকে, মতুয়া ও হিন্দু শরণার্থীদের জন্য এক বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী দ্রুত আবেদনপত্র নিষ্পত্তি করে সংশাপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসকদের মাধ্যমে প্রশাসনিক নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অপেক্ষমান আবেদনগুলির পাশাপাশি নতুন আবেদনগুলির শুনানি শেষ করে যোগ্য শরণার্থীদের দ্রুত ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সমস্ত সরকারি নিয়ম মেনেই বর্তমানে স্ক্রুটিনির কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।