ভোটার তালিকা থেকে নাম কাটা গেলেও মিলবে রেশন, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়!

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কোনো নাগরিককে রেশন, ডোমিসাইল সার্টিফিকেট বা অন্যান্য সরকারি সামাজিক কল্যাণমূলক সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না—মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বিশেষ বেঞ্চ এই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দেয়।

আবেদনকারীদের পক্ষে আইনজীবী রউফ রহিম আদালতে তুলে ধরেন যে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে বহু মানুষ রেশন এবং জরুরি নথিপত্র পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এর জবাবে শীর্ষ আদালত বিহার মামলার পূর্ববর্তী দৃষ্টান্ত স্মরণ করিয়ে দিয়ে জানায়, নির্বাচন কমিশনের কাজ কেবল ভোটার তালিকায় নাম তোলার যোগ্যতা খতিয়ে দেখা; কোনো ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ করার অধিকার তাদের নেই।

আদালত স্পষ্ট করে দিয়েছে যে, ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে সাময়িকভাবে ভোটদানের অধিকার স্থগিত হতে পারে, কিন্তু এর মাধ্যমে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া বা তাকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *