কেষ্টপুর VIP রোডে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, উত্তপ্ত এলাকা!

বার্তা ডেস্কঃ

মঙ্গলবার রাতে কেষ্টপুরের ভিআইপি রোডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬৫ বছর বয়সী বৃদ্ধ রাজা রাঠি। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, যার জেরে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন এবং পরিস্থিতি সামলাতে আসা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণতলার বাসিন্দা রাজা রাঠি মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ বড়বাজার থেকে অ্যাপ বাইকে করে বাড়ি ফিরছিলেন। উল্টোডাঙা থেকে বিমানবন্দরগামী ফ্ল্যাঙ্কে একটি দ্রুতগামী লরি রাস্তার গার্ডরেল পাস কাটাতে গিয়ে পিছন থেকে তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। আশঙ্কাজনক অবস্থায় বাইক চালক শিবেশ ঝাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তায় বসানো ব্যারিকেড ও গার্ডরেলের অব্যবস্থার জন্যই ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। ক্ষুব্ধ জনতা পুলিশের গার্ডওয়াল ফেলে দিয়ে ভিআইপি রোডে অবরোধ তৈরি করেন। খবর পেয়ে বাগুইআটি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের সঙ্গে বচসা থেকে শুরু হয় ইটবৃষ্টি। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। লরির গতি কত ছিল এবং চালকের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *