যাদবপুরের ছায়া বারাসাতে! হস্টেলে ঢুকে TMCP-ABVP রক্তক্ষয়ী সংঘর্ষ, জখম একাধিক
বার্তা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উত্তেজনার ছায়া এবার বারাসাতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদালয় হস্টেল চত্বরে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) এবং আরএসএস-এর ছাত্রসংগঠন এবিভিপি (ABVP)-র মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে।
বিশ্ববিদ্যালয়ে রাখি বন্ধন উৎসবের আয়োজন ঘিরে ঘটনার সূত্রপাত। TMCP-র অভিযোগ, কর্তৃপক্ষ এবিভিপি-কে এই অনুষ্ঠানে পক্ষপাতমূলক সহায়তা করছে। তা নিয়ে বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। ABVP-র বারাসাত নগর সম্পাদক প্রীতম পাঠকের দাবি, তাদের সদস্য অভিষেক পাল ও অরূপ বিশ্বাসকে ডেকে নিয়ে গিয়ে ব্লেড দিয়ে কোপানো ও ব্যাপক মারধর করা হয়। তাঁদের গুরুতর আহত অবস্থায় বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে TMCP সদস্য গিয়াস আলি ও রহমত মণ্ডলদের পাল্টা দাবি, এবিভিপি-র সমর্থকরাই বহিরাগতদের নিয়ে হস্টেলে ঢুকে তাণ্ডব ও ভাঙচুর চালিয়েছে, যার ফলে ১০-১২ জন সাধারণ ছাত্র জখম হয়েছেন।
খবর পেয়ে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হস্টেল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই সংঘাত নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।