ঝাড়গ্রামে বড় অভিযান, হাতেনাতে ধরা পড়ল পুলিশ ও দালাল চক্র!

বার্তা ডেস্কঃ

ঝাড়গ্রামে ট্রাক ও ট্রাক্টর থেকে বেআইনিভাবে তোলা আদায় করার অভিযোগে রাজ্যের দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়লেন এক পুলিশ কনস্টেবল এবং তিনজন দালাল।

দুর্নীতি দমন বিভাগ সূত্রে খবর, ঝাড়গ্রাম থানার এক কনস্টেবল দালালদের মাধ্যমে পরিকল্পিতভাবে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তুলছেন—এমন একটি অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার ঝাড়গ্রামে বিশেষ ফাঁদ পাতেন তদন্তকারীরা। ট্রাকমালিকের কাছ থেকে তোলা নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় তিন দালালকে।

জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের একজন স্বীকার করেন যে, তিনি ওই কনস্টেবলের জন্য ইতিমধ্যে ৫ লক্ষ টাকা আদায় করেছেন। আরও জানা গেছে, অভিযুক্ত কনস্টেবলের ফোন নম্বরটি দালালের মোবাইলে ‘ঝাড়গ্রাম ম্যানেজার‘ নামে সংরক্ষিত ছিল। অভিযানে তোলা আদায়ের সমস্ত নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, এই চক্রে আর কে কে জড়িত এবং কত টাকা তোলা তোলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসেই জামবনী বিডিও অফিসের এক সহকারী প্রকৌশলী ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়েছিলেন। সেই ঘটনার পর ফের ঝাড়গ্রামে পুলিশের তোলাবাজি চক্র ফাঁস হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *