কনট্যাক্ট লেন্স পরে জলে নামছেন? অজান্তেই ডেকে আনছেন চিরতরে অন্ধত্বের বিপদ!

বার্তা ডেস্কঃ

সুইমিং পুলে বা স্নানের সময় কনট্যাক্ট লেন্স খোলার অলসতা ডেকে আনতে পারে স্থায়ী অন্ধত্ব। ইন্দোনেশিয়ায় ঘুরতে গিয়ে লেন্স পরে সাঁতার কাটতে নেমে এমনই বিপদের মুখে পড়েন ৩৮ বছরের ব্রিটিশ নাগরিক ম্যাট ফ্ল্যাক। চোখের সামান্য অস্বস্তি, জল পড়া ও আলো সহ্য করতে না পারার লক্ষণ থেকে শুরু হলেও পরে ধরা পড়ে ‘অ্যাকান্থামিবা কেরাটাইটিস’ নামের এক বিরল ও মারাত্মক সংক্রমণ। মাটি ও জলে থাকা এই অণুজীব লেন্স ও কর্নিয়ার মাঝে আটকে গিয়ে দ্রুত চোখের স্বচ্ছ আবরণকে ক্ষতিগ্রস্ত করে ফেলে।

চিকিৎসকদের মতে, কলের জল বা সুইমিং পুলের জল কোনোভাবেই লেন্সের স্পর্শে আসতে দেওয়া উচিত নয়। এমনকি ডেলি ডিসপোজেবল লেন্স ব্যবহার করলেও এই ঝুঁকি পুরোপুরি এড়ানো যায় না। জল লেগে চোখে তীব্র ব্যথা, লালচে ভাব বা ঝাপসা দেখার সমস্যা দেখা দিলে তা সাধারণ ভেবে এড়িয়ে না গিয়ে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে চোখের কর্নিয়া স্থায়ীভাবে নষ্ট হতে পারে। তাই সাঁতার বা স্নানের আগে কনট্যাক্ট লেন্স খুলে রাখাই নিজেকে সুরক্ষিত রাখার একমাত্র উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *