নৈহাটি থেকে সোজা শিলিগুড়ি দিঘা পুরী! কবে থেকে শুরু নতুন এই বাস পরিষেবা?

বার্তা ডেস্কঃ

রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে বড় পদক্ষেপ নিল প্রশাসন। এবার দীর্ঘদিনের অব্যবহৃত নৈহাটি বাস টার্মিনাসকে নতুন রূপ দিয়ে সেখান থেকে শিলিগুড়ি, দিঘা এবং পুরীর উদ্দেশে সরকারি বাস পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবহন দফতর সূত্রে জানা গেছে, এই নতুন রুটগুলি চালু হলে সাধারণ মানুষের যাতায়াত আরও সুগম হবে এবং পর্যটন ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই টার্মিনাসের আধুনিকীকরণের কাজও দ্রুত শুরু হতে চলেছে।

কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে এবং রেল স্টেশনের কাছাকাছি অবস্থিত এই টার্মিনাসটি নতুন করে সাজিয়ে তোলার পাশাপাশি যাত্রীদের জন্য শৌচাগার ও বসার সুব্যবস্থা করা হচ্ছে। নৈহাটি থেকে এই দূরপাল্লার বাসগুলি চালু হলে ব্যারাকপুর থেকে কল্যাণী পর্যন্ত এলাকার হাজার হাজার বাসিন্দা বিশেষভাবে উপকৃত হবেন। যাত্রীদের আর কলকাতায় এসে বাস ধরতে হবে না, সরাসরি নৈহাটি থেকেই তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। বাসের সংখ্যা ও সময়সূচি নিয়ে চূড়ান্ত নির্দেশিকা শীঘ্রই প্রকাশিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *