৩১ অগাস্টের পরই বড় বদল! অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্নের বড় ঘোষণা।

বার্তা ডেস্কঃ

চালু হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে ব্যাপক চর্চায় রয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’। প্রকল্পের তিনটি কিস্তি ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। তবে অগাস্ট মাসে নির্দিষ্ট সময়ে টাকা না মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের একাংশের মধ্যে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে। এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের অনিয়ম ও অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ পোর্টাল চালু করার মাত্র কয়েকদিনের মধ্যেই প্রায় সাড়ে চার লক্ষ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে যেমন প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার আবেদন রয়েছে, তেমনই নাম বাদ দেওয়ার বা এক্সক্লুশনের অভিযোগও রয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ৩১ অগাস্টের পর সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। কোনো যোগ্য উপভোক্তা যাতে বঞ্চিত না হন এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন সরকারি সুবিধার অপব্যবহার করতে না পারেন, তা সুনিশ্চিত করতেই এই কঠোর যাচাই প্রক্রিয়া চালাচ্ছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *