ফের নিম্নচাপের ভ্রূকুটি, কলকাতা কি ফের ভাসবে নাকি কাটবে দুর্যোগ!
বার্তা ডেস্কঃ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার উপর অবস্থানরত এই নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বেশি থাকতে পারে। পাশাপাশি, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় আগামীকাল আকাশ প্রধানত মেঘলা থাকার পাশাপাশি দুপুরের পর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে এবং শহরের নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বর্ধমানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহান্তে আবহাওয়া উন্নতির আশা দেখছেন আবহাওয়াবিদরা।