রক্তের নেশা আর উগ্র পৌরুষ, বড়পর্দায় কি ফিরল যশের ম্যাজিক?
বার্তা ডেস্কঃ
দীর্ঘ চার বছর অপেক্ষার পর বড়পর্দায় গ্যাংস্টার অবতারে ফিরেছেন দক্ষিণী সুপারস্টার যশ। ১৯৪০-এর দশকের গোয়ার পটভূমিতে নির্মিত ছবিটিতে রায়া চরিত্রে তাঁর দ্বৈত অভিনয় রীতিমতো নজর কেড়েছে। তবে পরিচালক গীতু মোহনদাসের এই মেগাবাজেট প্রজেক্টে উগ্র পৌরুষ ও ‘আলফা মেল’ ট্রেন্ডের বাড়বাড়ন্ত স্পষ্ট। শৈশবের ভয়ংকর ট্রমা এবং পিতৃহত্যার অভিশাপ মাথায় নিয়ে বেড়ে ওঠা রায়ার জীবন আবর্তিত হয়েছে একাধিক নারীসঙ্গ এবং রক্তারক্তির মধ্য দিয়ে। প্রথমবার কোনো নারী পরিচালকের হাতে এমন রগরগে গ্যাংস্টার ড্রামা তৈরি হলেও ছবির চিত্রনাট্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
তিন ঘণ্টার এই ছবিতে কিয়ারা আডবানি, নয়নতারা ও হুমা কুরেশির মতো তারকারা নিজেদের সেরাটা দিলেও ছবির দুর্বল বাঁধুনি দর্শকদের সম্পূর্ণ তৃপ্ত করতে পারেনি। বিশেষ করে নারীদের হেয় প্রতিপন্ন করার সংলাপ এবং মাত্রাতিরিক্ত হিংসাত্মক ও যৌন সুড়সুড়িমূলক দৃশ্য ছবির মূল আবেদন অনেকটাই ম্লান করেছে। সব মিলিয়ে, নামী তারকাদের সমাবেশ এবং বিশাল আয়োজন সত্ত্বেও দুর্বল চিত্রনাট্যের ফাঁকফোকরে প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে ব্যর্থ হয়েছে এই ছবি।