সংসদের বিশেষ অধিবেশন কি তবে আবার! কীসের এত তাড়া কেন্দ্রের?

বার্তা ডেস্কঃ

গত ১৩ আগস্ট অনির্দিষ্টকালের জন্য মূলতবি হওয়ার পর এখনও আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়নি সংসদীয় বাদল অধিবেশন। আর এই সুযোগেই আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাস করাতে যে কোনো সময় ফের অধিবেশন ডাকার ইঙ্গিত দিল কেন্দ্র। সম্প্রতি সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট জানিয়েছেন, সংসদের অধিবেশন কখন বসবে তা ঠিক করার পূর্ণ অধিকার সরকারের রয়েছে এবং অধিবেশন যেহেতু এখনও শেষ হয়নি, তাই সরকার চাইলে যে কোনো মুহূর্তে তা পুনরায় শুরু হতে পারে। তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে বিশেষ অধিবেশন ডাকার জল্পনা শুরু হয়েছে।

মূলত ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই আসন পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করতে মরিয়া কেন্দ্রীয় সরকার। বাজেট ও বাদল অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক গোলযোগ এবং প্রয়োজনীয় সংখ্যা না পাওয়ার কারণে এই বিলটি পাস করানো সম্ভব হয়নি। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রজ্ঞাপন জারি না হওয়ায় বর্তমান অধিবেশন আইনিভাবে বহাল রয়েছে। এমতাবস্থায়, ডিলিমিটেশন কমিটি গঠন ও দেশজুড়ে সমীক্ষার মতো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া দ্রুত শুরু করতে সরকার যে কোনো মুহূর্তে বড় পদক্ষেপ নিতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *