রেললাইনে রিলস বানালেই সোজা জেল! বড়সড় অভিযানে গ্রেপ্তার ৮৫৩ জন।
বার্তা ডেস্কঃ
সোশাল মিডিয়ায় লাইক পাওয়ার নেশায় রেললাইনকে স্টুডিও বানিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকেই! কখনও চলন্ত ট্রেনের পাশে দৌড়ে ভিডিও শুট, আবার কখনও বিপজ্জনক স্থানে প্রি-ওয়েডিং শুটের মতো মারাত্মক প্রবণতা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে পূর্ব রেল। গত পহেলা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত পূর্ব রেলের আসানসোল, হাওড়া, মালদহ টাউন এবং শিয়ালদহ বিভাগে চালানো বিশেষ অভিযানে মোট ৮৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও যারা ঝুঁকি নিয়ে লাইন পারাপার করেছেন বা রিলস বানিয়েছেন, তাদের বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপ করা হয়েছে।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে স্পষ্ট জানিয়েছেন, রেললাইন কোনোভাবেই ছবি তোলার বা রিলস বানানোর জায়গা নয়। সামান্য মুহূর্তের অসাবধানতা নিমেষেই কেড়ে নিতে পারে একটি মূল্যবান জীবন। এই ধরনের অপরাধমূলক স্টান্টবাজি ও অননুমোদিত যাতায়াত সম্পূর্ণ বন্ধ করতে আইজি তথা প্রধান মুখ্য নিরাপত্তা কমিশনার অমিয়নন্দন সিনহার নির্দেশ অনুযায়ী সমস্ত বিভাগে লাগাতার আইনি কড়াকড়ি চলছে। রেল প্রশাসনের এই কঠোর বার্তা স্পষ্ট যে, নিয়মের বরখেলাপ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।