মাত্র ৩৫ টাকায় পেঁয়াজ, দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ কেন্দ্রের!
বার্তা ডেস্কঃ
দেশের বাজারে মূল্যবৃদ্ধির ঝাঁঝ কমাতে এবং সাধারণ মানুষের স্বস্তির জন্য মাত্র ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আসন্ন উৎসবের মরসুমে চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখে বাফার স্টক থেকে ধাপে ধাপে এই পেঁয়াজ বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নাসিক থেকে নয়াদিল্লির উদ্দেশে বিশেষ ট্রেন ‘কান্দা এক্সপ্রেস’ রওনা দিয়েছে, যা দ্রুত বিভিন্ন বড় শহরে জোগান স্বাভাবিক করবে। এছাড়া এনএএফইডি, এনসিসিএফ, সফল ও কেন্দ্রীয় ভাণ্ডারের বিভিন্ন আউটলেট এবং মোবাইল ভ্যানের মাধ্যমে এই সুলভ মূল্যের পেঁয়াজ সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসগুলিতে দেশের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত জোগান বাফার স্টকে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। উৎসব ও বিয়ের মরসুমে অসাধু উপায়ে দাম বাড়ার আশঙ্কা রুখতেই আগেভাগে এই পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি সড়কপথেও দেশের প্রধান শহরগুলিতে দ্রুত পেঁয়াজ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। রফতানি স্বাভাবিক রাখার পাশাপাশি সরকার নিশ্চিত করেছে যে, সাধারণ ক্রেতারা যাতে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় এই সবজি কিনতে পারেন, সেজন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ সুচারুভাবে রূপায়ণ করা হচ্ছে।