অভিষেককে খোলা চ্যালেঞ্জ সুকান্তের, লক্ষ্য এবার ১৭০ আসন!
বার্তা ডেস্কঃ
আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জল্পনা উসকে দিল ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য নেতা সুকান্ত মজুমদার শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করার পাশাপাশি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি।
সুকান্ত মজুমদার দাবি করেছেন, রাজ্যের সাধারণ মানুষ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। ওয়ার্ড পুনর্বিন্যাসের পর বিজেপি আসন্ন কলকাতা ও হাওড়া পুরভোটে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ১৫০ থেকে ১৭০টি আসন জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগের বিধানসভা নির্বাচনেও ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টিতে বিজেপি এগিয়ে ছিল বলে তিনি উল্লেখ করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি হুঙ্কার দেন, অভিষেক যে আসনেই প্রার্থী হোন না কেন, তাঁকে পরাজিত করতে বিজেপি সব শক্তি দিয়ে ময়দানে নামবে— “রণ, বন, জল, জঙ্গল” যেখানেই তিনি দাঁড়াবেন, সেখানেই তাঁকে হারানোর জন্য বিজেপি প্রস্তুত। এছাড়া পুরভোটে জয়ী হয়ে সরকারে এলে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে নির্দিষ্ট চার্জশিট পেশ করা হবে বলেও জানান তিনি।