নেপালের ভয়াবহ বন্যা: ৯৫ জনের মৃত্যুর পর সাহায্যের হাত বাড়াল ভারত!
বার্তা ডেস্কঃ
তিব্বত সীমান্ত সংলগ্ন নেপালের বিস্তীর্ণ এলাকায় আচমকা আছড়ে পড়া ভয়ঙ্কর হড়পা বানে অন্তত ৯৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, নিখোঁজ বহু মানুষ। চোখের নিমেষে ভেসে গিয়েছে বহু বাড়িঘর ও রাস্তাঘাট। এই চরম সংকটকালে প্রতিবেশী রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে ভারত। বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে ফোন করে সব ধরণের মানবিক সহায়তার আশ্বাস দেন। এরপরই দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক জরুরি সহায়তা হিসেবে ১০ টন মানবিক ত্রাণ ও প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ সামরিক বিমান কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেয়।
দিল্লির হিন্ডন বিমানঘাঁটি থেকে উড়ে যাওয়া সি-১৩০জে বিমানে করে জীবনদায়ী রসদ ও চিকিৎসাসামগ্রী পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক বার্তায় জানিয়েছেন, চ্যালেঞ্জের মুখে ভারত সবসময় নেপাল ও তার সাধারণ মানুষের পাশে রয়েছে। দুই দেশের উদ্ধার ও ত্রাণকারী দলগুলি পরিস্থিতি সামাল দিতে একে অপরের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় আগামী দিনেও দিল্লির পক্ষ থেকে আরও ত্রাণ পাঠানো হতে পারে বলে প্রতিরক্ষা সূত্র জানিয়েছে।