রেল স্টেশনে সামান্য ভুলেই গুনতে হবে হাজার টাকা জরিমানা!

বার্তা ডেস্কঃ

রেল ও স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল। সম্প্রতি প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী, প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে যত্রতত্র ময়লা ফেলা, পানের পিক ফেলা, থুতু ফেলা, প্রস্রাব বা মলত্যাগ করার মতো অপরাধের জন্য জরিমানার পরিমাণ বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। অতীতে ২০১২ সালের নিয়ম অনুযায়ী এই জরিমানার পরিমাণ ছিল মাত্র ৫০০ টাকা। রেল কর্তৃপক্ষের এই নতুন নির্দেশিকা গত ২৪ আগস্ট সরকারি গেজেটে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও ময়লা ফেলা, স্টেশন চত্বরে রান্না করা, স্নান করা, কাপড় ধোয়া কিংবা পশু-পাখিদের খাওয়ানোর মতো কাজগুলিও এই নতুন নিয়মের আওতায় নিষিদ্ধ করা হয়েছে।

নিয়মভঙ্গকারীরা ঘটনাস্থলে জরিমানা দিতে অস্বীকার করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পেশ করা হতে পারে, যেখানে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত আর্থিক জরিমানা হতে পারে। এছাড়া রেলের সম্পত্তি নষ্ট করা, বিনা অনুমতিতে পোস্টার লাগানো, দেওয়াল লিখন বা মার্কার দিয়ে কিছু লেখা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। স্টেশন চত্বরে ব্যবসা করা বিক্রেতাদের বাধ্যতামূলকভাবে ডাস্টবিন রাখতে হবে। ট্রেন ও স্টেশন চত্বরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতেই ভারতীয় রেলের এই কঠোর সংশোধিত পদক্ষেপ কার্যকর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *