তিব্বতে প্রলয়ঙ্কারী বন্যা, উদ্ধারকাজে কঠোর নির্দেশ শি জিনপিংয়ের!
বার্তা ডেস্কঃ
নেপালের পাশাপাশি ভয়াবহ বন্যার মুখে পড়েছে তিব্বত। বুধবার তিব্বতের গাইরং এলাকায় আচমকা পাহাড়ি কাদা, পাথর, বরফ ও জলের তীব্র তোড়ে সীমান্ত এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো মুহূর্তের মধ্যে ভেসে যায়। চরম আতঙ্কে বাসিন্দাদের প্রাণ বাঁচাতে ছোটাছুটি করার কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে অভিযোগ উঠেছে, বিপর্যয়ের পর চিনের সামাজিক মাধ্যম থেকে এই সংক্রান্ত অধিকাংশ ভিডিও ও ছবি হঠাৎ করেই উধাও হয়ে গেছে। এমনকি স্থানীয় কিছু চিনা সংবাদমাধ্যম ঘটনাস্থল থেকে সরাসরি সাক্ষাৎকার প্রচার করলেও কয়েক ঘণ্টার মধ্যে সেই প্রতিবেদনগুলি ইন্টারনেট থেকে মুছে ফেলা হয়।
প্রাথমিক তথ্যে বলা হয়েছিল, এই ঘটনায় ২৬০ জন বিদেশি নাগরিকসহ মোট ৫৫৮ জন নিখোঁজ এবং ৫ জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে বেশ কিছু রিপোর্টে মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করা হলেও সঠিক হিসাব পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, তিব্বতের আসল ক্ষতির চিত্র আড়াল করে চিনা সংবাদমাধ্যমগুলি কেবল উদ্ধারকাজের ওপরই আলো ফেলতে চাইছে। সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে ও নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে প্রশাসনকে পূর্ণশক্তিতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।