রাখিবন্ধনের দিনেই বিদায়! মায়ের জন্য শেষ বার্তা লিখে আত্মঘাতী কিশোর

বার্তা ডেস্কঃ

জলগাঁও: দেশজুড়ে যখন সাড়ম্বরে পালিত হচ্ছিল রাখিবন্ধন, ঠিক তখনই মহারাষ্ট্রের জলগাঁও জেলায় নেমে এল এক মর্মান্তিক বিষাদের ছায়া। অনলাইন গেমে বিপুল অঙ্কের টাকা হারিয়ে চরম পথ বেছে নিল একাদশ শ্রেণির এক পড়ুয়া। মৃতের নাম রোহিত সাহেবরাও ধাঙ্গর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাখিবন্ধনের দিন রোহিত তার বাবার সঙ্গে বোনের বাড়িতে গিয়েছিল। বোনের হাত থেকে রাখি পরা এবং পরিবারের সকলের সঙ্গে আনন্দে সময় কাটানোর পর তারা বাড়ি ফিরে আসে। তবে বাড়ি ফেরার পরেই ঘটে অঘটন। রোহিত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বোনের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লেখে, “সবকিছুর খেয়াল রেখো দিদি। মা-বাবাকে একা ছেড়ো না। আমি চলে যাচ্ছি।” একইসঙ্গে সমাজমাধ্যমে সে আরও একটি বার্তা দেয়, যেখানে সে লেখে— পরজন্মে ফিরে এসে সে আর কাউকে দুঃখ দেবে না।

আত্মহত্যার ঠিক আগে রোহিত তার এক বন্ধুকে ভিডিও বার্তা পাঠিয়ে জানায়, অনলাইন গেমে হেরে গিয়ে সে সর্বস্বান্ত হয়ে পড়েছে এবং মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছে। খবর পাওয়া মাত্রই বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা রোহিতের বাড়িতে ছুটে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে— নিজের ঘর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার দেহ।

তাড়াতাড়ি তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ একটি অপমৃত্যুর মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *