মালদায় শিশুমৃত্যু, নেপথ্যে কি নাবালিকা মা ও অপুষ্টি? বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী!
বার্তা ডেস্কঃ
মালদায় সম্প্রতি ঘটে যাওয়া ১০ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘটনার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর রাজ্য স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এর বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি জানান, মৃত শিশুদের অধিকাংশের ওজনই স্বাভাবিকের চেয়ে অত্যন্ত কম ছিল এবং অনেক ক্ষেত্রেই প্রসূতিরা ছিলেন নাবালিকা।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য: তদন্ত রিপোর্ট প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার পরপরই রিপোর্ট তলব করা হয়েছিল এবং ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরে বিস্তারিত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ এসে পৌঁছেছে। তিনি বলেন, “মৃত ১০ জন শিশুর মধ্যে ৯ জনই মালদা হাসপাতালের বাইরে থেকে আশঙ্কাজনক অবস্থায় এসেছিল। যাদের মধ্যে একটি শিশু মালদার এবং অন্যটি মুর্শিদাবাদের। আমরা তদন্তে দেখেছি, মায়েদের বয়স ছিল অত্যন্ত কম। নাবালিকা হওয়ার কারণে তাঁদের শারীরিক বিকাশ ঠিকমতো হয়নি এবং প্রসূতিদের নিজেদের ওজনই ছিল অস্বাভাবিক কম।”
‘লো বার্থ ওয়েট’ বা আশঙ্কাজনক কম ওজন: শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, রিপোর্টের প্রতিটি শিশুর নামের পাশে ‘LBW’ বা ‘লো বার্থ ওয়েট’ লেখা রয়েছে। নবজাতকদের কারও ওজন ছিল মাত্র ৯০০ গ্রাম, কারও ১২০০ গ্রাম, আবার কারও দেড় কেজি। যেখানে একটি সুস্থ শিশুর জন্মকালীন ওজন অন্তত আড়াই কেজি হওয়া উচিত। অত্যন্ত সংকটজনক অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছিল।
তবে এটিকে কোনো অজুহাত হিসেবে না দেখিয়ে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানান, ভবিষ্যতে যেন আর কোনো শিশুর এভাবে মৃত্যু না হয়, সে বিষয়ে রাজ্য স্বাস্থ্য দফতর কঠোর পদক্ষেপ নিচ্ছে।