শিশুমৃত্যু থামবে কবে, মালদহ মেডিকেলের পরিকাঠামো নিয়ে বিস্ফোরক সুকান্ত মজুমদার!
বার্তা ডেস্কঃ
মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন এবং শিশুমৃত্যুর ঘটনা ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি একই দিনে ১০ শিশুর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ও স্বাস্থ্যপরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৪ আগস্ট পর্যন্ত সরকারি হাসপাতাল ও মেডিকেলে মোট ৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অধিকাংশ ক্ষেত্রেই নার্সিংহোমে জন্ম নেওয়া অসুস্থ শিশুরা চিকিৎসায় সাড়া না দেওয়ায় তাদের এই মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে। গুরুতর অবস্থায় নিয়ে আসায় শেষরক্ষা করা সম্ভব হচ্ছে না, যার জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন।
এই চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যেই মালদহ জেলায় এক সরকারি কর্মসূচিতে অংশ নিতে এসে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কিছুটা সময় চেয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট ভাষায় জানান যে রাতারাতি কোনো ব্যবস্থার খোলনলচে বদলানো সম্ভব নয় এবং স্যুইচ টিপলেই সমস্ত পরিকাঠামোগত উন্নয়ন করা যায় না। তবে বর্তমান সরকারের পূর্ণ সদিচ্ছা রয়েছে এবং ধীরে ধীরে সমস্ত সমস্যা সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এদিকে, বেসরকারি নার্সিংহোমগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলায় জেলা স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তদন্ত শুরু হয়েছে।