কালীঘাটে ‘ফ্লোর দখল’ নিয়ে উত্তাল রাজনীতি, বাড়িওয়ালার আইনি নোটিশে চাপে তৃণমূল!
বার্তা ডেস্কঃ
কলকাতা: দক্ষিণ কলকাতার অভিজাত এলাকা ৯ নম্বর কামাক স্ট্রিটের একটি বাড়ি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগে তৃণমূল কংগ্রেসকে আইনি নোটিশ পাঠালেন বাড়িওয়ালা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২০ সালে ওই ভবনের দুটি ফ্লোর ভাড়া নেওয়ার জন্য বাড়িওয়ালার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে জেলবন্দি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে সেই চুক্তিতে সই করেছিলেন। তবে বাড়ি মালিক পক্ষের দাবি, চুক্তির মেয়াদ ও একাধিক শর্ত সম্পূর্ণ লঙ্ঘন করে প্রভাব খাটিয়ে ফ্লোর দুটি এতদিন ধরে দখল করে রেখেছিল যুব তৃণমূলের নেতাকর্মীরা।
বাড়িওয়ালার আরও অভিযোগ, মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমপ্লিশন সার্টিফিকেট (CC) মেলার আগেই গায়ের জোরে ভবনটির দুটি তলা এবং প্রাঙ্গণে থাকা বিলবোর্ড বা বিজ্ঞাপন বোর্ড দখল করে নেওয়া হয়। এই অনিয়ম ও চুক্তিলঙ্ঘনের প্রতিবাদেই এবার কালীঘাট তৃণমূল নেতৃত্বকে সরাসরি আইনি নোটিশ পাঠিয়েছে মালিক পক্ষ।