তারকেশ্বরে আরএসএসের গোপন বৈঠক! বাংলার মাটিতে কি নতুন কোনো কৌশলের ছক?
বার্তা ডেস্কঃ
রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে এবার হুগলির তারকেশ্বরে তিন দিনব্যাপী বিশেষ প্রচারক কর্মশালার আয়োজন করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। আগামী ১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই গুরুত্বপূর্ণ বৈঠকে উত্তর, দক্ষিণ ও মধ্যবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য ওড়িশার পূর্ণসময়ের প্রচারকরাও অংশ নিচ্ছেন। ব্যক্তিগত জীবন ও পরিবার ত্যাগ করে যারা সম্পূর্ণভাবে সংগঠনের আদর্শ প্রসারে নিজেদের উৎসর্গ করেছেন, সেই সক্রিয় কর্মীদের নিয়ে প্রতিবছরই এই ‘প্রচারক বর্গ’ অনুষ্ঠিত হয়। রাজ্য রাজনীতিতে পালাবদলের বর্তমান প্রেক্ষাপটে তারকেশ্বরে আয়োজিত এই তিনদিনের আবাসিক শিবিরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় জানিয়েছেন, এই বাৎসরিক কর্মশালায় মূলত বিগত বছরের কাজের মূল্যায়ন, সাংগঠনিক কৌশল নির্ধারণ এবং নতুন দায়িত্ব বন্টন করা হয়। বিগত কয়েক বছরে বাংলায় সঙ্ঘের পরিধি যেভাবে প্রসারিত হয়েছে, তাতে এই বৈঠকের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। সুশৃঙ্খল ও নিয়মানুগ পন্থায় সংগঠনের ভিত আরও মজবুত করতে এই কর্মশালা থেকেই বিশেষ রূপরেখা তৈরি করা হবে বলে খবর।