ফেল করলেও মার্কশিটে থাকবে না ‘ফেল’! খুশির খবরে কী জানাল সরকার?
বার্তা ডেস্কঃ
পরীক্ষায় অকৃতকার্য হলেও এবার থেকে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মার্কশিটে ‘ফেল’ শব্দটি আর ব্যবহার করা হবে না। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও মনোবল চাঙ্গা রাখতে এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষায় কাঙ্ক্ষিত নম্বর না পেলে সার্টিফিকেটে ওই শব্দের পরিবর্তে লেখা হবে ‘এলিজেবল ফর স্কিল ট্রেনিং’। এর ফলে শিক্ষার্থীরা ওপেন স্কুলিংয়ের মাধ্যমে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবে। সরকারের মতে, একটি পরীক্ষার ফল কোনো শিক্ষার্থীর চূড়ান্ত প্রতিভা বা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।
শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যতের পথ সুগম করতে এই বিশেষ ব্যবস্থার পাশাপাশি আরও একাধিক ইতিবাচক পদক্ষেপ করা হয়েছে। ম্যাট্রিক কম্পার্টমেন্ট পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য এক মাসের বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে, যাতে তারা পরবর্তী পরীক্ষার জন্য নিজেদের সঠিকভাবে প্রস্তুত করতে পারে। পাশাপাশি, পড়াশোনা সহজ করতে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ‘বিদ্যা সাথী’ অ্যাপ চালু করা হয়েছে, যেখান থেকে তারা ২৪ ঘণ্টা শিক্ষকদের সহায়তা পেতে পারে। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে একটি বিশেষ ‘টিচার সাপোর্ট পোর্টাল’ চালুর পরিকল্পনাও রয়েছে। সরকারিভাবে এই বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করা হবে।