ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল, শেষ আশ্রয় এখন গণকবর!
বার্তা ডেস্কঃ
নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা সাতশো পঞ্চাশ ছাড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ। তিব্বতের নিখোঁজ সংখ্যা যুক্ত হলে এই বিপর্যয় তিন হাজার ছাড়িয়ে যায়। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত আট হাজার সাতশো ত্রিশ জনকে উদ্ধার করেছেন। তবে ক্রমাগত মৃতদেহ উদ্ধারের ফলে স্থানীয় মর্গগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং পর্যাপ্ত জায়গার অভাবে মৃতদেহ সংরক্ষণ করা আসাম্ভব হয়ে পড়েছে। রোগ ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি এড়াতে এবং স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেপাল সরকার অত্যন্ত কঠিন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সংকট মোকাবেলায় প্রশাসন অজ্ঞাতপরিচয় মৃতদেহগুলো সম্মানের সঙ্গে কবর দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তবে ভবিষ্যতে পরিবারগুলো যাতে প্রিয়জনকে খুঁজে পায়, সেজন্য প্রতিটি মৃতদেহ থেকে ডিএনএ নমুনা, রেফারেন্স নম্বর এবং ছবি সংরক্ষণ করা হচ্ছে। দেড় মিটার গভীর গর্তে সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রতিটি মরদেহ ব্যাগে ভরে কবর দেওয়া হচ্ছে এবং স্থানগুলো জিও-ট্যাগ করা হচ্ছে। এছাড়া নিখোঁজদের স্বজনরা নেপালের বিভিন্ন হাসপাতালে ডিএনএ নমুনা জমা দিতে পারবেন, যার মাধ্যমে পরবর্তীতে পরিচয় নিশ্চিত করে মরদেহ হস্তান্তর করা সম্ভব হবে।