সংসার সামলে মার্ডার মিস্ট্রি ভেদ, নিমিশার ‘ববিতা সিং রিপোর্টিং’ কি জমিয়ে দিল রহস্য?
বার্তা ডেস্কঃ
অগ্নিকা পণ্ডিত পরিচালিত এবং নিমিশা সজয়ন অভিনীত আমাজন প্রাইমের নতুন ছবি ‘ববিতা সিং রিপোর্টিং’ চিরাচরিত থ্রিলার ঘরানার বাইরে গিয়ে এক ব্যতিক্রমী নারীর একক লড়াইয়ের গল্প তুলে ধরেছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ববিতা কর্মক্ষেত্রের রাজনীতির শিকার হয়ে সাসপেন্ড হওয়ার পর ননদের অনুষ্ঠানে যোগ দিতে গ্রামে যায়। সেখানে ছোটবেলার বন্ধু বংশীর রহস্যজনক মৃত্যুর মুখোমুখি হলে পরিবারের প্রতি কর্তব্যের পাশাপাশি শুরু হয় তার সত্য সন্ধানের কঠিন যাত্রা। প্রথাগত মার্ডার মিস্ট্রির উত্তেজনা এখানে অনুপস্থিত থাকলেও, নিখাদ বাস্তবতার আবহে গল্পটি এগিয়ে চলে।
মধ্যবিত্ত ভারতীয় সমাজে কর্মরতা নারীর অবস্থান এবং পরিবারের প্রতি তাদের অবদমনের চিত্রটি পরিচালক অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। নিমিশা সজয়ন তাঁর অসামান্য অভিনয়ে বমিতার চরিত্রটিকে নিখুঁতভাবে জীবন্ত করে তুলেছেন, যেখানে ভয়, জেদ ও ভালোবাসার মিশ্রণ স্পষ্টভাবে ফুটে ওঠে। রাজেশ কুমার ও বরুণ সবতিসহ অন্যান্য অভিনেতারাও নিজেদের চরিত্রে যথাযথ মুন্সিয়ানা দেখিয়েছেন। আবেগতাড়িত নাটকীয়তা এড়িয়ে কঠিন বাস্তবতাকে প্রাধান্য দেওয়ায় ছবিটি দর্শকের মনে গভীর রেখাপাত করে, যদিও চিত্রনাট্য আরও কিছুটা টানটান হলে এর প্রভাব আরও জোরালো হতে পারত।