গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ২০!
বার্তা ডেস্কঃ
নেপালের ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আঘাত হানল আকস্মিক হড়পা বান। মাত্র ৩০ মিনিটের মুষলধারে বৃষ্টির জেরে এই বিপর্যয়ে ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র্যাঞ্চ এলাকার বেশ কয়েকটি সেতু জলের তোরে ভেসে গিয়েছে। জলের তীব্র স্রোত ও বিপুল ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে গিয়ে পড়েছে। এই ঘটনায় ২০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং ফ্যান্টম র্যাঞ্চ থেকে ইতিমধ্যেই ৬২ জনেরও বেশি পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ন্যাশনাল পার্ক সার্ভিস ও অ্যারিজোনার প্রশাসন যৌথভাবে নিখোঁজ হাইকারদের সন্ধান এবং উদ্ধারকাজ চালাচ্ছে। আকস্মিক এই বন্যার ফলে নদীর ভূ-প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং বেশ কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত আরও ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। এর ফলে নতুন করে হড়পা বান, পাথর ধস ও কাদার স্রোতের ঝুঁকি থাকায় স্থানীয় প্রশাসন ও পর্যটকদের কঠোর সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।