পিঠে বোনকে নিয়ে কিশোরের ভাইরাল ভিডিও! এটি কি গ্রেইভ অফ দ্য ফায়ারফ্লাইসের বাস্তব রূপ?
বার্তা ডেস্কঃ
দুর্গম পাহাড়ি পথ ধরে বোনের আঘাতপ্রাপ্ত শরীরকে নিজের পিঠে নিয়ে এক কিশোরের এগিয়ে চলার দৃশ্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। দুই ভাই-বোনের মুখে আঘাতের চিহ্ন ও চোখে জলের এই দৃশ্যটি নেটদুনিয়ার অগুনতি মানুষের মন ছুঁয়ে গেছে। অনেকেই এই দৃশ্যের সঙ্গে ১৯৮৮ সালের বিখ্যাত স্টুডিও জিবলির অ্যানিমেটেড সিনেমা ‘Grave of the Fireflies’-এর দুই চরিত্র সেইতা ও তার ছোট বোন সেতসুকোর করুণ লড়াইয়ের তুলনা টেনেছেন।
নেটিজেনদের দাবি ছিল, নেপালের সাম্প্রতিক কোনো ভয়াবহ বিপর্যয়ের পর ধ্বংসস্তূপের মধ্য থেকে পিতা-মাতাকে খুঁজতে বেরিয়েছে এই দুই শিশু। তবে তদন্তে উঠে এসেছে একেবারেই অন্য তথ্য। জানা গেছে, ভিডিওটি নেপালের নয়, বরং উত্তর ভিয়েতনামের হা জিয়াং প্রদেশের। ‘থিয়েন দুয়েন’ নামের এক স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর এই ভিডিওটি তৈরি করেছিলেন।
ভিডিওটি ভুয়া দাবির সঙ্গে ছড়ালেও ভাই-বোনের এই আবেগঘন দৃশ্যটি মানুষের হৃদয় স্পর্শ করেছে। তবে এই ঘটনাটি আরও একবার প্রমাণ করে দিল যে, সোশ্যাল মিডিয়ায় আবেগে ভেসে যাওয়ার আগে তথ্যের সত্যতা যাচাই করা কতটা জরুরি। ভাইরাল হওয়া কোনো হৃদয়স্পর্শী দৃশ্যের নেপথ্যের মূল সত্যি সবসময় একই রকম নাও হতে পারে।