বিজেপির ‘তৃণমূলীকরণ’ রুখতে সংঘের কড়া বার্তা, ৯০% ভোটার হারানোর আতঙ্ক!
বার্তা ডেস্কঃ
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলের ‘তৃণমূলীকরণ’ রোখার বার্তা দিয়েছিলেন। তবে তৃণমূল ছেড়ে আসা একাধিক প্রাক্তন সাংসদকে রাজ্যসভার টিকিট দেওয়ার পর থেকেই সেই বিতর্ক নতুন করে উসকে উঠেছে। এই পরিস্থিতিতে দলের ভাবমূর্তি নিয়ে বিজেপিকে চরম সতর্ক করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর মুখপত্র ‘স্বস্তিকা’।
‘স্বস্তিকা’র সাম্প্রতিক সম্পাদকীয় লেখা হয়েছে, মানুষ ভরসা করে বিজেপিকে ক্ষমতায় এনেছে। কিন্তু সামান্য কিছু ভোটারেরও (২ শতাংশ) যদি মনে হয় বিজেপি আর শাসকদলের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে ৯০ শতাংশ মানুষ মুখ ফিরিয়ে নিতে দ্বিধা করবে না। সম্পাদকীয়তে বিগত কয়েক দশকের হিংসা ও দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে বলা হয়েছে, এতদিন অপরাধীরা ছাড় পেয়ে আসলেও নতুন সরকারের ক্ষেত্রে তা চলা সম্ভব নয়।
প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে, বিরোধী রাজনৈতিক দলগুলোর থেকে বর্তমানে আসল চ্যালেঞ্জ হলো জনগণের মুখোমুখি হওয়া। অন্যদিকে, নিচুতলায় ‘বেনোজল’ ও তোলাবাজির সংস্কৃতি ঢুকে পড়া নিয়ে খোদ শমীক ভট্টাচার্যও উদ্বেগ প্রকাশ করেছেন। এই সমস্ত পরিস্থিতি মাথায় রেখে খুব শীঘ্রই নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত সংগঠনে বড়সড় রদবদল করতে পারে গেরুয়া শিবির।