বার্তা ডেস্কঃ

বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস এবং পরবর্তীতে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টলিউডের এক অভিনেতাকে গ্রেপ্তার করল হরিদেবপুর থানার পুলিশ। ধৃত যুবকের নাম শ্যামসুন্দর সাহা, পেশায় তিনিও একজন সিরিয়াল অভিনেতা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে টালিগঞ্জ পাড়ায়।

পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা শ্যামসুন্দর সাহার সঙ্গে অভিনয় সূত্রে পরিচয় হয় ওই তরুণী অভিনেত্রীর। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কাজের সুবিধার জন্য দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একসঙ্গে ‘লিভ-ইন’ করতে শুরু করেন তাঁরা। তরুণীর অভিযোগ, বিয়ের কথা বলে তাঁর সঙ্গে সহবাস করতেন শ্যামসুন্দর। সেই সময়েই কিছু ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রেখেছিলেন ওই যুবক।

অভিযোগ, কিছুদিন যাওয়ার পর শ্যামসুন্দর তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। শুধু তা-ই নয়, তাঁদের গোপন মুহূর্তের সেই ছবিগুলি অভিনেত্রীর কয়েকজন বন্ধুর কাছে পাঠিয়ে দেন তিনি। বাধ্য হয়ে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীতা তরুণী।

অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ শ্যামসুন্দর সাহাকে গ্রেপ্তার করেছে। ঘটনাটির পেছনে অন্য কোনো মানসিক অত্যাচার বা ব্ল্যাকমেইলিংয়ের উদ্দেশ্য ছিল কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, তরুণীর বয়ানও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *