পুজোর পরেই কি পুরভোট? জেলাশাসকদের নিয়ে কালই জরুরি বৈঠক!
বার্তা ডেস্কঃ
রাজ্যে বকেয়া থাকা একাধিক পুরসভা ও পুরনিগমে নির্বাচন প্রক্রিয়া শুরু করতে প্রশাসনিক তোড়জোড় শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। এই লক্ষ্যে বুধবার বেলা ১১টায় কমিশনের প্রধান দফতরে সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। মূলত কলকাতা, হাওড়া, বিধাননগর, দুর্গাপুর ও শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ কর্পোরেশন সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভোট আটকে রয়েছে। তবে আইনি জটিলতার কারণে বহু ইভিএম এবং সিসিটিভি ফুটেজ আটকে থাকায় অবিলম্বে ভোট ঘোষণার পথে বড়সড় বাধা তৈরি হয়েছে।
আইনি জটে আটকে থাকা ২৬টি নির্বাচনী মামলার জেরে ইভিএম এবং সংশ্লিষ্ট ফুটেজগুলি সংরক্ষণে রাখতে হচ্ছে কমিশনকে। পর্যাপ্ত ইভিএম ব্যবহারের সুযোগ না মিললে নির্বাচনের আনুষ্ঠানিক নির্ঘণ্ট ঘোষণা করা আসাম্ভব হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। তা সত্ত্বেও প্রশাসনিক প্রস্তুতিতে কোনো খামতি রাখতে নারাজ কমিশন। আদালতের জট কাটিয়ে দ্রুত ইভিএম মুক্ত করার উপায় খুঁজতেই এই উচ্চপর্যায়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।