আয়ুষ্মান কার্ড থেকেও মিলবে না চিকিৎসা? জেনে নিন কোন রোগগুলো বাদ!
September 2, 2026
বার্তা ডেস্কঃ
দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক জট কাটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে কার্যকর হলো কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য প্রকল্প। ইতিমধ্যে বহু আবেদনকারী এই কার্ড হাতে পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তবে কার্ড ব্যবহারের আগেই জেনে নেওয়া জরুরি, ঠিক কোন কোন ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা মিলবে না।
বিশেষজ্ঞদের মতে, এই কার্ডের সুবিধা পেতে হলে রোগীকে অন্তত ২৪ ঘণ্টার জন্য হাসপাতালে ভর্তি হতে হবে। ফলে সাধারণ ওপিডি (OPD) পরিষেবা, চিকিৎসকের চেম্বারে গিয়ে পরামর্শ নেওয়া কিংবা সর্দি-জ্বরের মতো সাধারণ অসুস্থতার জন্য এই কার্ড কার্যকর নয়।
যেসব চিকিৎসা এই প্রকল্পের আওতাবহির্ভূত:
- দাঁতের চিকিৎসা: রুট ক্যানেল, ফিলিং বা ডেন্টাল ইমপ্লান্টের মতো দাঁতের যাবতীয় চিকিৎসার খরচ এই কার্ডে পাওয়া যাবে না।
- কসমেটিক সার্জারি ও ট্যাটু: সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো প্লাস্টিক বা কসমেটিক সার্জারি এবং ট্যাটু তোলার খরচ এই কার্ড কভার করে না।
- বন্ধ্যাত্ব বা IVF চিকিৎসা: সন্তানহীনতার সমাধানে ব্যবহৃত অত্যন্ত ব্যয়বহুল আইভিএফ (IVF) পদ্ধতির সুযোগও এতে মিলবে না।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কার্ড ব্যবহারের আগে এসব শর্ত জেনে নেওয়া অত্যন্ত জরুরি।