কৃষিতে ডিজিটাল বিপ্লব, ফসলের রোগ নিরাময়ে এবার ‘ফার্ম সান্টা’!
বার্তা ডেস্কঃ
কৃষিক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া আনতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কৃষকদের ক্ষমতায়নে বাজারে এলো নতুন এগ্রিটেক মোবাইল অ্যাপ ‘ফার্ম সান্টা’ (Farm Santa by Nutrisource)। নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অ্যাপটির সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। প্ল্যাটফর্মটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।
গুগল প্লে-স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই অ্যাপটি। ‘ফার্ম সান্টা’-র প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:
- রোগ নির্ণয়: ফসলে পোকা বা রোগ দেখা দিলে তার ছবি তুলে অ্যাপে আপলোড করলেই এআই ও কৃষিবিজ্ঞানীদের সহায়তায় মিলবে তাৎক্ষণিক সমাধান।
- এক ছাদের তলায় সব সুবিধা: সঠিক কৃষি পরামর্শ, প্রয়োজনীয় কৃষিপণ্যের জোগান এবং সরাসরি বাজারের সঙ্গে সংযোগের সুবিধা।
- উৎপাদন ও আয় বৃদ্ধি: আধুনিক বিজ্ঞান ও প্রথাগত কৃষির ব্যবধান কমিয়ে চাষের খরচ কমানো এবং কৃষকদের আয় বাড়ানো।
Nutrisource Group-এর প্রতিষ্ঠাতা মুরারি এম. রক্সিত জানান, প্রান্তিক কৃষকদের হাতের মুঠোয় প্রযুক্তি পৌঁছে দিয়ে তাঁদের আরও ‘স্মার্ট’ ও আত্মনির্ভর করে তোলাই তাঁদের মূল উদ্দেশ্য। বিশেষজ্ঞ মহল মনে করছে, এই ডিজিটাল পদক্ষেপ আগামী দিনে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।