সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্টে চাঞ্চল্য, গায়েব একে-৪৭ ও হাজার হাজার গুলি!
বার্তা ডেস্কঃ
সামরিক ঘাঁটির কড়া নিরাপত্তা এড়িয়ে সেনার অস্ত্রাগার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্টে। রবিবার ও সোমবারের মধ্যবর্তী সময়ে ঘটে যাওয়া এই ঘটনার পর গোটা এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়। তবে স্বস্তির খবর, তল্লাশি অভিযান শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সমস্ত অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।
সেনা ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্টের বোলারাম থানা এলাকার অধীনস্থ এই অস্ত্রাগারে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শেষবারের মতো অস্ত্রের হিসাব জমা পড়েছিল। কিন্তু সোমবার সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ দেখা যায়, অস্ত্রাগারের তালা ভাঙা। পরীক্ষা করে জানা যায়, সেখান থেকে ৪টি একে-৪৭ (AK-47)-সহ মোট ৫টি অ্যাসল্ট রাইফেল, ৭টি পিস্তল, ২১টি ম্যাগাজিন এবং প্রায় ১৯ হাজার রাউন্ড গুলি চুরিমুক্ত হয়েছে।
ঘটনা জানাজানি হতেই সামরিক বাহিনী এবং হায়দরাবাদের মালকাজগিরি পুলিশ কমিশনারেট যৌথভাবে চিরুনি তল্লাশি শুরু করে। মঙ্গলবারের মধ্যে উধাও হওয়া সমস্ত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হন তদন্তকারীরা। তবে এগুলো ঠিক কোথা থেকে উদ্ধার করা হলো এবং এই চুরির ঘটনায় জড়িত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কি না—সে বিষয়ে এখনও সেনা বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সামরিক ঘাঁটির ভেতরের পুরো ভৌগোলিক অবস্থান ও খবরাখবর ছাড়া এই ধরনের বড় চুরির পরিকল্পনা বাস্তবায়ন করা আসাম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই ঘটনার পেছনে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। দেশের অন্যতম সুরক্ষিত সেনাশিবিরের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি এড়িয়ে কীভাবে এই চুরি হলো, তা নিয়ে ইতিমধ্যেই বড়সর প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।